মোঃ আব্দুল লতিফ সরকার.
খুচরা সার বিক্রিতে অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তিন ইউনিয়নের ছয়জন খুচরা বিক্রেতার সার বরাদ্দ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করা হয়েছে। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মমিনুল ইসলাম।
কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ধুবিল ইউনিয়নের আফসার আলী তালুকদার, মমতাজ উদ্দিন, বানসা রাম ও জাহিদুল ইসলাম; ব্রহ্মগাছা ইউনিয়নের হাবিবুর রহমানের সাব ডিলার মো. আব্দুল মমিন এবং ধানগড়া ইউনিয়নের জাফর ইকবাল খান রিপনের সাব ডিলার সুমন আহমেদের বরাদ্দ বন্ধ করা হয়েছে।
কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, সার বিক্রিতে অনিয়মের অভিযোগের পর কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরাদ্দ বন্ধ থাকা সাব ডিলারদের আওতাধীন কৃষকেরা সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত মূল ডিলারের কাছ থেকে সার সংগ্রহ করবেন।

