সিরাজগঞ্জের সলঙ্গায় অগ্রণী ব্যাংক পিএলসি’র ঘুড়কা শাখা স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ব্যাংকের সামনে সড়কে আয়োজিত এক শান্তিপূর্ণ মানববন্ধনে গ্রাহক, ব্যবসায়ী ও স্থানীয় সচেতন নাগরিকরা এ প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন যে, একটি স্বার্থান্বেষী মহল এবং ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে শাখাটি স্থানান্তরের অপচেষ্টা চালানো হচ্ছে। তারা বলেন, গ্রাহকদের মতামত এবং বাস্তবতাকে উপেক্ষা করে এই স্থানান্তর প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।
বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমান শাখাটি বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় বিপুল সংখ্যক গ্রাহক ও ব্যবসায়ী সহজেই ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারছেন। শাখাটি অন্য স্থানে সরিয়ে নেওয়া হলে গ্রাহকদের চরম ভোগান্তি বাড়বে, নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে এবং ব্যাংকিং ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন—সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মারুফ হাসান খোকন, সাবেক সহ-সভাপতি সোলায়মান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হক, একলাছুর রহমান শাহীন, থানা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম মজনু, নাসিার উদ্দিন মাস্টার, কে.এম আমিনুল ইসলাম হেলাল এবং মজনু মিয়াসহ স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহক প্রতিনিধিরা।
অবিলম্বে শাখা স্থানান্তরের সব ধরণের উদ্যোগ বন্ধ করে বর্তমানে যে স্থানে শাখাটি রয়েছে সেখানেই তা বহাল রাখার জন্য অগ্রণী ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনকারীরা। একই সঙ্গে গ্রাহকবান্ধব সিদ্ধান্ত গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

