গ্রামীণ খবর ডেস্কঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চার দিনের সফরে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় আসবেন। সফরকালে তিনি আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে এ সফরের বিষয়টি সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও প্রশাসনের বিভিন্ন দপ্তরকে অবহিত করা হয়েছে।
পত্রে উল্লেখ করা হয়, সফরসূচি সম্পূর্ণভাবে ধর্মীয় ও সামাজিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়েছে এবং বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত আচরণবিধি কোনোভাবেই লঙ্ঘন করা হবে না।
সফরসূচি অনুযায়ী, আগামী ১১ জানুয়ারি ঢাকা থেকে সফর শুরু করবেন তারেক রহমান। ১২ ও ১৩ জানুয়ারি তিনি বগুড়া, রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় কর্মসূচিতে অংশ নেবেন।
১৩ জানুয়ারি তিনি পঞ্চগড় (দুপুর ১টা ৩০ মিনিট), নীলফামারী (বিকাল ৪টা) ও লালমনিরহাটে (সন্ধ্যা ৭টা) কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে অংশ নেবেন। পরে তিনি রংপুরে রাত্রিযাপন করবেন।
সফরের শেষ দিন ১৪ জানুয়ারি রংপুর ও বগুড়ার গাবতলী হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও মরহুমা তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা এবং গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এ সফরকে ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ও সহযোগিতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পুলিশ ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রতি বিএনপির পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন আজ বুধবার (৭ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন।

