সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর বৃদ্ধা মায়া রানী শীলের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৪ জুন) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি বালু পয়েন্টের কাছে করতোয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মায়া রানী শীল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা পালপাড়া গ্রামের মৃত বিষ্ণু পদ শীলের স্ত্রী।
উল্লাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার জাহিদুল ইসলাম বলেন, গত ২ জুন বিকেল ৪টার দিকে বাড়ির পাশে করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হন মায়া রানী শীল। এ বিষয়ে খবর পেয়ে আমরা দ্রুত উদ্ধার কাজ শুরু করি। গতকাল বুধবার (৩ জুন) ডুবুরি দল এসেও উদ্ধার অভিযান চালায়, কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে শাহজাদপুর উপজেলার গাড়াদহ এলাকায় নদীতে তার মরদেহ ভেসে উঠলে পুলিশ সেটি উদ্ধার করে।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া ও আনুষঙ্গিক পদক্ষেপ শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

