তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
শীতের পরশ শুরু হতেই সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় খেজুর রস আহরণের ধুম পড়ে গেছে। মিষ্টি রস ও খাঁটি গুড় তৈরির আগাম প্রস্তুতি হিসেবে স্থানীয় গাছিরা এখন দিনভর পার করছেন খেজুর গাছের পরিচর্যা ও ‘গাছ ঝোড়া’র কাজে।
ঋতু পরিবর্তনের সাথে সাথেই সিরাজগঞ্জের তাড়াশজুড়ে শুরু হয়েছে গ্রামবাংলার চিরাচরিত এই রস উৎসবের প্রস্তুতি। গাছ থেকে সুস্বাদু রস পেতে গাছিরা এখন নিপুণ হাতে গাছের চূড়া ছাঁটাই, শুকনো ডালপালা পরিষ্কার এবং হাঁড়ি বাঁধার উপযোগী অংশটি বিশেষভাবে প্রস্তুত করছেন। স্থানীয় পরিভাষায় গাছের এই বিশেষ যত্ন ও ছাঁটাই প্রক্রিয়াকেই বলা হয়ে থাকে ‘গাছ ঝোড়া’।
শীতের সকালের টাটকা খেজুরের রস আর গাঢ় সুবাসিত পাটালি গুড় বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছর এ সময়ে রস ও গুড়ের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। তাই বাড়তি আয়ের আশায় এবং ঐতিহ্য ধরে রাখতে গাছিরা এখন থেকেই কঠোর পরিশ্রম করছেন। অনেক পরিবারের জন্য এই স্বল্পমেয়াদী মৌসুমটি জীবিকা নির্বাহ এবং বাড়তি উপার্জনের একটি প্রধান অবলম্বনে পরিণত হয়।

