মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা থানার মালতিনগর গ্রামে চাঞ্চল্যকর নাঈম হোসেন হত্যাকাণ্ডের প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডের পর ছিনতাই হওয়া অটো রিকশাটিও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ শামীম উদ্দিন (২৭)। সে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার জাহাঙ্গীরগাতি গ্রামের মোহাম্মদ আনোয়ার হোসেনের ছেলে।
উল্লেখ্য, গতকাল সলঙ্গা থানার মালতিনগর এলাকার অত্যন্ত নৃশংসভাবে নাঈম হোসেনকে গলা কেটে হত্যা করা হয় এবং তার অটো রিকশাটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর থেকেই অপরাধীদের ধরতে অভিযানে নামে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে মূল অভিযুক্ত শামীমকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নাঈমের ছিনতাই হওয়া অটো রিকশাটি উদ্ধার করা হয়েছে।
হত্যাকাণ্ডের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামিকে শনাক্ত ও গ্রেফতার করায় পুলিশের পেশাদারিত্বের প্রশংসা করছেন স্থানীয় সাধারণ মানুষ। এই সফল অভিযানের জন্য এলাকাবাসী ও নিহতের পরিবার প্রশাসনিক কর্মকর্তাদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অতি দ্রুত সময়ের মধ্যে মামলার বাকি আসামিরাও আইনের আওতায় আসবে বলে আশা করা হচ্ছে।

