স্টাফ রিপোর্টার.
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে শুরু হয়েছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব। উপজেলা প্রশাসনের আয়োজনে এই উৎসব স্থানীয় সংস্কৃতিপ্রেমী ও শিক্ষার্থীদের মাঝে দারুণ উদ্দীপনা সৃষ্টি করেছে।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম আবু জুবায়ের এবং এম এম আনোয়ারুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বেল্লাল হোসেন, উচ্চ মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরনবী মিয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আহসান হাবিব, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
উদ্বোধনী দিনে জাতীয় কবির কবিতা, গান ও সাহিত্যকর্মের ওপর নানা পরিবেশনা উপস্থাপন করা হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম। তাদের কণ্ঠে নজরুলের গান ও কবিতার মধ্য দিয়ে নিখুঁতভাবে ফুটে ওঠে কবির বিদ্রোহী চেতনা, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, মানবিক মূল্যবোধ এবং সাম্যের বাণী।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশজুড়ে রয়েছে নজরুল সাহিত্য। নতুন প্রজন্মের মাঝে কবির অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতার সঠিক বিকাশ ঘটাতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

