সিরাজগঞ্জের রায়গঞ্জে নিজ কলেজের এক ছাত্রীকে নিয়ে কলেজ শিক্ষকের পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষকের নাম রবিউল আলম (৪২)। তিনি রায়গঞ্জ উপজেলা সদরের ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক এবং উপজেলার কয়রা গ্রামের আলাউদ্দিনের ছেলে বলে জানা গেছে।
নিখোঁজ শিক্ষার্থীর পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় পলি কুমারী (১৭) নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর পরিবার জানতে পারে, শিক্ষক রবিউল আলমের সঙ্গেই সে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে।
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান জানান, শিক্ষার্থীর মা থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং ভুক্তভোগীকে উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, একজন শিক্ষকের হাত ধরে ছাত্রীর এমন নিখোঁজের ঘটনাটি বর্তমানে রায়গঞ্জের ‘টপ অব দ্য টাউনে’ পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহলে এ নিয়ে বইছে সমালোচনার ঝড়।

