রায়গঞ্জ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী, রায়গঞ্জ পৌর শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৯ টায় উপজেলা অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমীর হোসেন আলী ও সঞ্চালনায় ছিলেন পৌর সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম জাফর। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর শায়খ ড. মাওলানা আব্দুস সামাদ।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ইসলাম প্রতিষ্ঠা হলে সকল ধর্ম, বর্ণ, দল-মত নির্বিশেষে সবাই শান্তিতে বসবাস করতে পারবেন। ইসলামী সমাজ মানেই নিরাপদ ও মানবিক সমাজ। সকল নাগরিক ধর্মের ভিত্তিতে নয়, বরং নাগরিক হিসেবে অধিকার পাবে।”তিনি আরও বলেন, “বিগত ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে নিজেদের দেশের মানুষকে গুম করেছে, খুন করেছে। সেটা কোনো সরকার ছিল না, তারা ছিলেন ভারতের পা চাটা গোলাম।”
জামায়াতের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, “জুলাই অভ্যুত্থান-পরবর্তী দেশের মানুষের জান-মাল, ইজ্জত-আব্রুর নিরাপত্তার দায়িত্ব পালন করেছে জামায়াত। দেশের সর্বস্তরের জনগণ এর প্রত্যক্ষ সাক্ষী।”
জুলাই যোদ্ধাদের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, “আমাদের কলিজার টুকরা সন্তানেরা তাদের জীবন উৎসর্গ করে আমাদের মুক্তি দিয়েছে। তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা মুক্তভাবে রাজনীতি করতে পারছি, সভা-সমাবেশে মানুষের কল্যাণের জন্য কথা বলতে পারছি। জুলাই যোদ্ধাদের প্রতি আমরা গভীর সম্মান ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”
এছাড়াও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাসির উদ্দীন, উপজেলা জামায়াতের আমীর আলী মর্তুজা, উপজেলা নায়েবে আমীর মাওলানা আবুল কালাম বিশ্বাস, উপজেলা সেক্রেটারি ডা. এস. এম. মুনসুর আলী, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন আকন্দ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য জাকারিয়া হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. কামরুল ইসলাম, উপজেলা সেক্রেটারি সুমন আহমেদ, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল হক সরকার, উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক খান জুবায়ের, পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, হিন্দু নেতা শ্রী বিনয় কুমার মোদকসহ পৌর জামায়াতের ৯টি ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারী ও স্থানীয় নেতৃবৃন্দ।

