সিরাজগঞ্জের রায়গঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলার সমর্থন ও তর্কাতর্কির জেরে মো. ইলিয়াস খান (২৬) নামের এক যুবককে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান গণমাধ্যমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে ফুটবল খেলা নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন ইলিয়াস খান। পরে স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। নিহত ইলিয়াস ওই গ্রামের সাত্তার খানের সন্তান।
এই হত্যাকাд্ডের পর নিহতের ভাই রতন আলী খান বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে সিরাজগঞ্জ সদর এলাকা থেকে মো. রাসেল (৪২) এবং কামারখন্দ থানা এলাকা থেকে মো. সোহেল খানকে (৪০) গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

