সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় মাদকের বিস্তার রোধ ও মাদক কারবারিদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরে ফুলজোর ডিগ্রি কলেজ সংলগ্ন ঢাকা মহাসড়ক এলাকায় ৭নং নলকা ইউনিয়ন বিএনপি এবং মাদকদ্রব্য নির্মূল কমিটির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন থেকে স্থানীয়রা মাদক সম্রাট রফিকুল এবং তার স্ত্রী মরজিনা খাতুন তৃষার কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। তাদের দাবি, এই সিন্ডিকেটের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে। দ্রুত সময়ের মধ্যে রফিকুল ও তার স্ত্রীর মাদক ব্যবসা বন্ধসহ তাদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানানো হয়।
৭নং নলকা ইউনিয়ন মাদকদ্রব্য নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট মো: আব্দুল গফুরের আহ্বানে আয়োজিত এই মানববন্ধনে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। কমিটির সাধারণ সম্পাদক মো: মাসুদ রহমানের সঞ্চালনায় আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা মাদকমুক্ত নলকা ইউনিয়ন গঠনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

