মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের মালতী নগর গ্রামের নাঈম হোসেন (২৫) নামে এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিলের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরে খৈচালা বিলের নির্জন এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাঈমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। নিহত নাঈম হোসেন উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী হলেও পরিবারের সচ্ছলতা ফেরাতে মাঝেমধ্যে অটোরিকশা চালাতেন।
নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলেও অটোরিকশা নিয়ে উপার্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন নাঈম। গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে লোকমুখে খবর পেয়ে তারা নাঈমের নিথর দেহ শনাক্ত করেন। অটোরিকশাটি উদ্ধার না হওয়ায় পরিবারের দাবি, গাড়িটি ছিনতাই করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসনুজ্জামান: তিনি বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একে ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
নৃশংস এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

