সিরাজগঞ্জের সলঙ্গা থানায় অভিযান চালিয়ে ১৯৫৮ পিস ইয়াবাসহ মো. মোস্তাক আহমেদ (৫৫) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২।
আজ রবিবার (৯ আগস্ট ২০২৬) ভোরে সলঙ্গা থানাধীন হোটেল নিউ মায়ের আঁচল-এর বিপরীত পাশ থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১২ এর সদর কোম্পানি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১২ এর একটি আভিযানিক দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে ১৯৫৮ পিস ইয়াবাসহ ওই কারবারিকে হাতেনাতে ধরা হয়।
গ্রেফতারকৃত মোস্তাক আহমেদ কুমিল্লার কোতোয়ালি মডেল থানার কাটাবিল এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে তা সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত দেশ গড়তে র্যাবের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

