সিরাজগঞ্জের সলঙ্গায় অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রাখতে ও সামাজিক ঐক্যের বার্তা নিয়ে আয়োজন করা হয়েছে ‘সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ’। মঙ্গলবার (৭ জুলাই, ২০২৬) সকালে জেলা পুলিশের উদ্যোগে সলঙ্গা থানা প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম (সানতু) বিপিএম (বার)। সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখাই আমাদের জাতীয় শক্তির মূল উৎস। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
মাদক নির্মূলকে বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি আরও বলেন, “তরুণ প্রজন্মকে মাদকের মরণফাঁদ থেকে বাঁচাতে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সলঙ্গা থানাকে একটি মাদকমুক্ত মডেল থানায় রূপান্তর করতে আমি স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি।”
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব আছলাম আলীর সভাপতিত্বে ও রায়গঞ্জ-সলঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম খানের সঞ্চালনায় এতে অংশ নেন স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব এবিএম আব্দুস সাত্তার, সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি জনাব মতিয়ার রহমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল আলীম সরকার এবং সলঙ্গা থানা জামায়াতের আমীর জনাব রাশেদুল ইসলাম শহীদ।

