সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি এবং প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। গত বছর ২০২৫ সালের ১৮ জুলাই ঢাকার ধানমন্ডির নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৩৬ সালের ২ মার্চ সিরাজগঞ্জের ধুবিল গ্রামে জন্ম নেওয়া এই নেতা ১৯৫৪ সালে সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যয়নরত অবস্থায় ছাত্ররাজনীতিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে রাজনীতির পাশাপাশি ঠিকাদারি ব্যবসায় সফলতার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির টিকিটে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি মোট চারবার এই আসন থেকে জয়লাভ করেন। এছাড়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। দীর্ঘ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও আহ্বায়ক হিসেবেও দলের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেলে ধুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মরহুমের পরিবার এবং ধুবিল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই স্মরণসভার আয়োজন করা হয়।
জেলা বিএনপির সদস্য ও মরহুমের দ্বিতীয় ছেলে মো. রাহিদ মান্নান লেনিনের সভাপতিত্বে এবং সলঙ্গা থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান পাপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের বর্তমান জাতীয় সংসদ সদস্য ভিপি আইনুল হক।
এ সময় রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা থানা বিএনপি, পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ দলের নানা পর্যায়ের নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরিবারের পক্ষ থেকে মরহুমের ছোট ছেলে ও জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান লেনিন তাঁর বাবার রুহের মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।