সলঙ্গা(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার সলঙ্গায় ১০০ গ্রাম হেরোইনসহ মো. মামুন দুলাল ও শ্রী সুমন কর্মকার নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ এর সদস্যরা। গ্রেপ্তার মো. মামুন দুলাল রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মহিষালবাড়ী গ্রামের মৃত নৈমুদ্দিনের ছেলে ও শ্রী সুমন কর্মকার একই এলাকার মৃত বিজয় কর্মকারের ছেলে।
রোববার (২৯ জুন) দুপুরে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব ১২।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৮ জুন) মধ্যে রাত ২টায় র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় ও র্যাব-১২ এর সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল সাকিনস্থ ফুড সিটি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে রাজশাহী থেকে ঢাকাগামী মহাসড়ক এলাকায় কাঁচা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং নগদ ২২ হাজার ৮০ টাকা জব্দ করেছে।
র্যাব আরো জানায়, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার উসমান গণি।

