দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর নিয়ে এলো নবম জাতীয় পে-স্কেল। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে নতুন এই বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ কক্ষে বিকেল ৫টায় এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়।
বৈঠকে ‘বেতন ও চাকরি কমিশন, ২০২৬’ এবং সচিব কমিটির সুপারিশ উপস্থাপন করা হলে মন্ত্রিসভা তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১ জুলাই থেকে নতুন মূল বেতন কার্যকর হিসেবে ধরা হলেও তা ধাপে ধাপে পরিশোধ করা হবে। খুব দ্রুতই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে, যার জন্য এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে।
২০১৫ সালের সর্বশেষ পে-স্কেলে সর্বোচ্চ গ্রেড-১ এর মূল বেতন ছিল ৭৮ হাজার টাকা এবং সর্বনিম্ন গ্রেড-২০ এর বেতন ছিল ৮ হাজার ২৫০ টাকা। নতুন অনুমোদিত কাঠামোতে এই বেতন গড়ে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি করা হয়েছে। নতুন স্কেল অনুযায়ী গ্রেড-১ এর কর্মকর্তাদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডের কর্মচারীদের সর্বনিম্ন বেতন হবে ২০ হাজার টাকা।